নিজস্ব প্রতিবেদক :(চট্টগ্রাম)
চট্টগ্রাম বন্দরের পরিচালন দক্ষতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির সম্প্রসারণ এবং সামুদ্রিক বাণিজ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে আগ্রহ প্রকাশ করেছে নেদারল্যান্ডস। এ লক্ষ্যে বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত জ্যোরিস ভ্যান বোমেলের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ পরিদর্শন করেছে।
বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টায় প্রতিনিধি দলটি চট্টগ্রাম বন্দরের ওয়ান স্টপ সার্ভিস ভবনে পৌঁছালে তাঁদের স্বাগত জানানো হয়। পরে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন তাঁরা।
বৈঠকে চট্টগ্রাম বন্দরের সাম্প্রতিক উন্নয়ন ও অর্জন তুলে ধরেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান। এ সময় বন্দরের কার্যক্রম সম্পূর্ণ স্বয়ংক্রিয় ও ডিজিটাল পদ্ধতিতে পরিচালনা, কাগজবিহীন সেবা চালু, প্রথমবারের মতো বন্দরসংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত সেবা ব্যবস্থা ‘সিপিএ স্কাই’ প্রবর্তন এবং এক জায়গা থেকে সব ধরনের সেবার আওতায় অনলাইনে বিল তৈরি, অর্থ পরিশোধ ও পণ্য সরবরাহ কার্যক্রমের বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি বন্দরের বিভিন্ন পণ্য ওঠানামার টার্মিনাল পরিচালনায় বিদেশি প্রতিষ্ঠান নিয়োগের বিষয়টিও তুলে ধরা হয়।
নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জ্যোরিস ভ্যান বোমেল চট্টগ্রাম বন্দরের সঙ্গে তাঁর দেশের ঐতিহাসিক বাণিজ্যিক ও সামুদ্রিক সম্পর্কের কথা স্মরণ করেন। একই সঙ্গে ভবিষ্যতে প্রযুক্তিগত ও কৌশলগত অংশীদারত্ব আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বৈঠকে ‘নেদারল্যান্ডসের সামুদ্রিক খাতের দক্ষতা ও সমাধান’ শীর্ষক একটি বিশেষ উপস্থাপনা তুলে ধরেন মেরিটাইম অ্যান্ড অফশোর এনএলের বাণিজ্য প্রসার ব্যবস্থাপক পিটার ওডস কুইপার্স। এ সময় প্রতিনিধি দলে থাকা নেদারল্যান্ডসের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা চট্টগ্রাম বন্দরের দক্ষতা বৃদ্ধি, পরিবেশবান্ধব বন্দর গড়ে তোলা এবং আধুনিক বন্দর ব্যবস্থাপনা নিয়ে তাঁদের প্রস্তাব ও মতামত তুলে ধরেন।
পরবর্তী প্রশ্নোত্তর পর্বে নদী ও সমুদ্রপথ খনন, পণ্য পরিবহন ও সরবরাহব্যবস্থা এবং টার্মিনাল পরিচালনাসহ বন্দরসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। পরে নেদারল্যান্ডসের প্রতিনিধি দল চট্টগ্রাম বন্দরের বিভিন্ন পণ্য সংরক্ষণ ও ওঠানামার স্থান ঘুরে কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় বন্দরের সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালন কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন তাঁরা।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের আয়োজনে অনুষ্ঠিত এ দ্বিপক্ষীয় বৈঠক ও মতবিনিময় সভায় সংস্থাটির সদস্য, বিভিন্ন প্রকল্পের পরিচালক, বিভাগীয় প্রধান এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।