মাদক মামলার জামিন চাইতে গিয়ে কারাগারে চেয়ারম্যান প্রার্থী সুমন

0
14

 

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি:
মাদক মামলায় আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করতে গিয়ে জামিন নামঞ্জুর হওয়ায় কারাগারে যেতে হয়েছে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জুঁইদন্ডী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী মো. সোহেল উদ্দিন সুমনকে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে স্থানীয়দের মধ্যে ঘটনাটি জানাজানি হলে শুরু হয় আলোচনা ও সমলোচনার ঝড়। সম্প্রতি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জুঁইদন্ডী ইউনিয়নে পরোয়ানাভূক্ত ও মাদক মামলার আসামিকে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে প্রচারণা চালাতে দেখে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও সাধারণ ভোটারদের মাঝে চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়।

গত সোমবার (২৬ অক্টোবর) দুপুরে ঢাকা জজকোর্ট পরোয়ানাভূক্ত ও মাদক মামলার শুনানি শেষে সংশ্লিষ্ট বিচারক আসামির জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জজকোর্টের মামলার রাষ্ট্রপক্ষের এসিস্ট এডভোকেট মোহাম্মদ রবিউল।

তিনি বলেন, ‘ঢাকার কাফরুল থানার একটি মাদক মামলায় পরোয়ানাভূক্ত মো. সোহেল উদ্দিন সুমন দীর্ঘদিন পলাতক ছিলেন। গত সোমবার দুপুরে আদালতের আত্মসমর্পণ করতে আসেন। মামলার শুনানি শেষে মহামান্য বিচারক আসামির জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’

রাষ্ট্রপক্ষের আইনজীবী রবিউল আরও বলেন, ‘আগামীকাল বুধবার তাঁকে আদালতে তোলা হবে এবং শুনানিও হবে। মামলাটি পরিচালনার জন্য সরকারপক্ষে সবধরণের সহযোগিতা করা হবে বলেও জানান তিনি।’

মো. সোহেল উদ্দিন সুমন জুঁইদন্ডী ইউনিয়নের মো. বদিউর আলমের পুত্র। তার বিরুদ্ধে চট্টগ্রাম ও ঢাকার বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে জানা গেছে। সে এলাকায় ইয়াবা সুমন হিসেবে বেশ পরিচিত।

এদিকে চেয়ারম্যান প্রার্থী কারাগারে যাওয়ার খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের হওয়া মামলায় অভিযুক্ত সুমন এতদিন পলাতক ছিলেন। নির্বাচনকে সামনে রেখে সোমবার সকালে আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করে জামিনের প্রার্থনা করেন তিনি। শুনানি শেষে আদালত জামিন আবেদন প্রত্যাখ্যান করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here