নিজস্ব প্রতিবেদক: (চট্টগ্রাম)
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ১ হাজার ৮০২ কার্টন বিদেশি সিগারেট ও ১৩টি আইফোন জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। জব্দ হওয়া এসব পণ্যের মূল্য প্রায় ৫ কোটি ৫৩ লাখ ৭০ হাজার টাকা।
সিআইআইডির দাবি, সাম্প্রতিক সময়ে শাহ আমানত বিমানবন্দরে একসঙ্গে এত বড় সিগারেটের চালান আটকের ঘটনায় এটিই সবচেয়ে বড়।
সিআইআইডি সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে আজ সোমবার সকাল ৮টা ১৮ মিনিটে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইটে অভিযান চালানো হয়। অভিযানে ওই ফ্লাইটের যাত্রী মো. মইনুল আবদিনের কাছ থেকে প্লাটিনাম ব্র্যান্ডের ২৪৯ কার্টন ও মন্ড ব্র্যান্ডের ১৫ কার্টন সিগারেট এবং চারটি আইফোন জব্দ করা হয়। একই ফ্লাইটের যাত্রী আবদুল মান্নানের কাছ থেকে প্লাটিনাম ব্র্যান্ডের ২৩৩ কার্টন ও মন্ড ব্র্যান্ডের ১৩ কার্টন সিগারেট এবং চারটি আইফোন জব্দ করা যায়।
এ ছাড়া নুরুল আলম রিয়াদের কাছ থেকে প্লাটিনাম ব্র্যান্ডের ২৬৫ কার্টন ও ইজি ব্র্যান্ডের সাত কার্টন সিগারেট এবং পাঁচটি আইফোন জব্দ করা হয়।
অভিযানের সময় বিমানবন্দরের ২ নম্বর ব্যাগেজ বেল্টে একই ফ্লাইটের মালিকানাবিহীন একটি ব্যাগেজ থেকে আরো ১ হাজার ২০ কার্টন প্লাটিনাম ব্র্যান্ডের সিগারেট জব্দ করা হয়।
সব মিলিয়ে একটি ফ্লাইট থেকেই ১ হাজার ৮০২ কার্টন বিদেশি সিগারেট ও ১৩টি আইফোন জব্দ করা হয়েছে।
সিআইআইডি জানিয়েছে, জব্দ করা সিগারেটের আনুমানিক বাজারমূল্য ৭৪ লাখ ৮ হাজার টাকা।
এর বিপরীতে ৬২১ শতাংশ টিটিআই অনুযায়ী প্রযোজ্য শুল্ক-কর প্রায় ৪ কোটি ৬০ লাখ ৩ হাজার ৬৮০ টাকা। অন্যদিকে ১৩টি আইফোনের আনুমানিক মূল্য ১২ লাখ ৩৫ হাজার টাকা এবং ৫৮ শতাংশ টিটিআই অনুযায়ী শুল্ক-কর প্রায় ৭ লাখ ২৩ হাজার ৭১০ টাকা। সব মিলিয়ে জব্দ পণ্যের মূল্য ও প্রযোজ্য শুল্ক-করসহ মোট আনুমানিক মূল্য প্রায় ৫ কোটি ৫৩ লাখ ৭০ হাজার ৩৯০ টাকা।
একই ফ্লাইটে একাধিক যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ সিগারেট ও আইফোন এবং মালিকানাবিহীন ব্যাগেজে আরো ১ হাজারের বেশি কার্টন সিগারেট পাওয়ার ঘটনায় বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। চোরাচালান প্রতিরোধ ও রাজস্ব সুরক্ষায় বিমানবন্দরগুলোতে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলেও নিশ্চিত করেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর জনসংযোগ কর্মকর্তা মো.আল আমীন শেখ।