নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী (চট্টগ্রাম)
নিত্যপণ্যসহ সবকিছুর দাম যেন আকাশছোঁয়া। যার ফলে মানুষের জীবনযাত্রার ব্যয়ও বৃদ্ধি পেয়েছে অস্বাভাবিক হারে। কিন্তু তার সাথে তাল মিলিয়ে বাড়েনি সাধারণ জনগণের আয়। ফলে স্বাভাবিক জীবনধারণ করতেই হিমশিম খাচ্ছে মানুষ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নিম্নআয়ের মানুষের পাশাপাশি মধ্যবিত্তরাও রয়েছে সংকটে। লাজলজ্জা ও আত্মসম্মানবোধের কারণে তারা কখনো কোনো সংস্থার স্বল্পমূল্যের বাজারের লাইনে দাঁড়াতে পারে না। আবার মধ্যবিত্ত বলে কখনো তাদের কেউ সহযোগিতাও করে না।
চট্টগ্রামে কালের কণ্ঠ শুভসংঘ কর্ণফুলী শাখার সদস্যরা এমনই কয়েকটি পরিবারকে বাছাই করে, যারা কখনো কোনো রকম সহযোগিতা পান না। পবিত্র মাহে রমজান ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এসব পরিবারের সদস্যদের মুখে হাসি ফোটানোর জন্য তাদের মাঝে উপহার হিসেবে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
রবিবার (২৬ মার্চ) সকালে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলা শুভসংঘের পক্ষ থেকে স্থানীয় আব্দুল জলিল উচ্চ বিদ্যালয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। একইদিনে বিশটি পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
উপহার সামগ্রী পেয়ে শয্যাশায়ী মো. ফারুক কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আজিয়ে দীর্ঘ আট বছর বিছনাত পড়া অবস্থায় আছি। এর আগেও শুভসংঘের নতুন চিকিৎসারলয় সহায়তা পাই। আজিয়ে আবার এই খাবার পাই। আরা মা ছেলের সংসারত আগুনত পানি পইজ্জে। আই আর এই শুভসংঘের ভাই বোইনেরলায় আল্লাহর কাছে দোয়া গরি।
এ সময় শুভসংঘ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও উপজেলা কমিটির সভাপতি শারমিন মনি বলেন, আমাদের প্রত্যেক দিবসে একটা করে উদ্দেশ্য থাকে যে দিবস পালনের সাথে সাথে মানবিক কাজ করার। এরই প্রেক্ষিতে আমরা এবারও মানবিক কার্যক্রমের অংশ হিসেবে এ উপহার সামগ্রী বিতরণ করলাম।