হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার: র‍্যাব-৭

0
10

 

নিজস্ব প্রতিবেদক: (চট্টগ্রাম)
সরকারি হারানো অস্ত্র উদ্ধারে তথ্য দিলে আর্থিক পুরস্কার ঘোষণা করেছে সরকার। রাইফেল, এসএমজি’র তথ্যের জন্য ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে। তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় র‍্যাব-৭ চট্টগ্রাম এর চান্দঁগাও সিপিপি ক্যাম্প কার্যালয়ে চট্টগ্রামের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এই তথ্য জানান র‍্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক (সিও) লে. কর্ণেল মোস্তাফিজুর রহমান।

এ’সময় অধিনায়ক বলেন, “সরকারি অস্ত্র কোনো ব্যক্তিগত সম্পত্তি নয়। এটি রাষ্ট্রের সম্পদ এবং জনগণের নিরাপত্তার প্রধান হাতিয়ার। এই অস্ত্র যখন অপরাধীদের হাতে যায় তখন তা সমাজের জন্য বিরাট হুমকি হয়ে দাঁড়ায়। হারানো অস্ত্র উদ্ধার শুধু আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব নয়, এটি আমাদের সকলের নাগরিক দায়িত্ব।”

তিনি আরো জানান, সরকার র‍্যাবের নেতৃত্বে বিভিন্ন বাহিনীর সমন্বয়ে হারানো অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে বিশেষ অভিযানের সিদ্ধান্ত নিয়েছে। এই অভিযান সফল করতে সরকার আর্থিক পুরস্কার ঘোষণা করেছে।

*পুরস্কারের তালিকা:*
– *রাইফেল, এসএমজি, এলএমজি, স্নাইপার:* ২,০০,০০০ টাকা
– *শটগান, পিস্তল, গ্যাসগান:* ৫০,০০ টাকা
– *সাউন্ড গ্রেনেড, টিয়ার সেল:* ১,৫০০ টাকা
– *সকল প্রকার গোলাবারুদ প্রতি রাউন্ড:* ৫০ টাকা

র‍্যাবের অধিনায়ক সাংবাদিকদের মাধ্যমে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আপনার আশেপাশে অবৈধ বা হারানো সরকারি অস্ত্রের সন্ধান পেলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ আইনপ্রয়োগকারী সংস্থাকে জানান। আমাদের একটি সঠিক তথ্য একটি বড় অপরাধ রুখে দিতে পারে এবং নিরপরাধ মানুষের জীবন বাঁচাতে পারে।”

এছাড়াও তিনি বলেন, “একটি নিরাপদ বাংলাদেশ গড়তে অস্ত্রের অবৈধ ব্যবহার সম্পূর্ণ বন্ধ করতে হবে। এই অভিযানে সরকার, আইনশৃঙ্খলা বাহিনী এবং জনগণের ত্রিমুখী সমন্বয় কার্যকর ভূমিকা রাখবে।”

সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করে তিনি আরও বলেন, “সাংবাদিকরা সবসময় ফ্রন্টলাইন যোদ্ধা। আপনারা প্রতিবেদন ও কনটেন্টের মাধ্যমে এই পুরস্কার ও সুরক্ষার বার্তা প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দিতে পারেন। অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে অস্ত্র কার হাতবদল হচ্ছে সেই তথ্যও সামনে আনতে পারেন।”

এ সময় মতবিনিময় সভা শুরুতে অধিনায়ক র‍্যাব-৭ এর বিভিন্ন আভিযানিক সাফল্য তুলে ধরেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here