বিশেষ প্রতিনিধি(চট্টগ্রাম)
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আইনশৃঙ্খলা পরিস্থিতি উপর নিয়ন্ত্রণ ও নজরদারি রাখতে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) কার্যালয়ে অত্যাধুনিক সরঞ্জামদ্বারা নির্মাণ করা হয়েছে “অপারেশন্স কমান্ড ও কন্ট্রোল রুম” নামে একটি বিশেষ নিয়ন্ত্রণ কক্ষ।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা যায়, সোমবার (৯ ফেব্রুয়ারি) পুলিশ সুপার কার্যালয়ে স্থাপিত অস্থায়ী “অপারেশন্স কমান্ড ও কন্ট্রোল রুম” নামের বিশেষ নিয়ন্ত্রণ কক্ষটি পরিদর্শন করেন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, চট্টগ্রাম জেলা রেঞ্জ ডিআইজি আহসান হাবিব (পলাশ)। এসময় পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম মিঞা, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. বশির আহমেদ। এসময় চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এসপি মো. নাজির আহমেদ খাঁন অপারেশন্স কমান্ড এন্ড কন্ট্রোল রুমের কার্যক্রম সম্পর্কে উপস্থিত অতিথিবৃন্দদেরকে বিস্তারিত বর্ণনা করেন।
পরিদর্শনকালে অতিথিবৃন্দ অপারেশন্স কমান্ড ও কন্ট্রোল রুমে স্থাপিত বডিওর্ন ক্যামেরা ওয়ার্ক স্টেশন, লাইভ লোকেশন মনিটরিং সিস্টেম, ডিজিটাল অপারেশনাল ম্যাপসহ নির্বাচনকালীন সার্বিক মনিটরিং কার্যক্রম পরিক্ষা নিরিক্ষা করে দেখেন। আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষায় চট্টগ্রাম জেলা পুলিশের প্রস্তুতি, সক্ষমতা ও পেশাদারিত্বে তাঁরা সন্তোষ প্রকাশ করেন।
নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ১১৯টি মোবাইল টিম ও ৩০টি স্ট্রাইকিং পার্টিকে এই কন্ট্রোল রুমের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে মনিটরিংয়ের আওতায় আনা হয়েছে। পাশাপাশি জেলার ১৭টি থানার সকল অফিসার ইনচার্জসহ সিনিয়র কর্মকর্তাগণ রিয়েল-টাইমে প্রতিটি মোবাইল টিম ও স্ট্রাইকিং পার্টির কার্যক্রম পর্যবেক্ষণ করতে পারবেন।
এছাড়াও মাঠপর্যায়ে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের ব্যবহৃত ৪৬৯টি বডিওর্ন ক্যামেরা অনলাইনে সংযুক্ত রয়েছে, যার মাধ্যমে কন্ট্রোল রুম থেকে সার্বক্ষণিক মনিটরিং নিশ্চিত করা হবে। বডিওর্ন ক্যামেরার কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করা যাবে এবং প্রয়োজনে তাৎক্ষণিক যোগাযোগের মাধ্যমে নির্দেশনা প্রদান করা সম্ভব হবে।
জেলার ১৭টি থানার অপারেশনাল ম্যাপে ১৩টি সংসদীয় আসনের মোট ১,৩৫৮টি ভোটকেন্দ্রের অবস্থান (লাল, হলুদ ও সবুজ শ্রেণিভুক্ত) প্রদর্শন করা হয়েছে। এছাড়াও ভোটকেন্দ্রের নামসহ ১৭টি থানার বিস্তারিত ম্যাপে কেন্দ্রের অবস্থান, প্রকৃতি, গুরুত্ব এবং থানা থেকে কেন্দ্রের দূরত্ব সংক্রান্ত তথ্য অন্তর্ভুক্ত রয়েছে।
নির্বাচন ডিউটিতে নিয়োজিত সকল অফিসার ও ফোর্সের সঙ্গে নিরবিচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিত করতে ওয়াকিটকি সাব-স্টেশন স্থাপন করা হয়েছে। মোবাইল ও স্ট্রাইকিং টিমের লাইভ লোকেশন মনিটরিং করা যাচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট স্থানে দ্রুত পাঠানোর নির্দেশনা প্রদান করা সম্ভব হচ্ছে।
এছাড়াও সোশ্যাল মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়া পর্যবেক্ষণ ব্যবস্থা রাখা হয়েছে। মোবাইল ও স্ট্রাইকিং টিমকে দ্রুত ও কার্যকর রুট নির্ধারণে নির্দেশনার জন্য গুগল ম্যাপ ব্যবহার করা হচ্ছে। জরুরি পরিস্থিতিতে দ্রুত সমন্বয় নিশ্চিত করতে পুলিশ, সেনাবাহিনী, র্যাব, বিজিবি, কোস্টগার্ড, আনসার, জুডিশিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং প্রিজাইডিং অফিসারদের যোগাযোগ সংক্রান্ত তথ্য সংরক্ষণ করা হয়েছে।
আধুনিক প্রযুক্তির মাধ্যমে অপারেশন্স কমান্ড ও কন্ট্রোল কক্ষ থেকে নির্বাচন কার্যক্রম কার্যকরভাবে নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ করা হচ্ছে, যাতে যে কোনো পরিস্থিতিতে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা যায়।